প্রচ্ছদ > খেলা > ফুটবল

আর্জেন্টিনার জয়ের পর বার্সেলোনাকে সুখবর দিলেন আলভারেজ

article-img

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলে জয়ের পর রীতিমতো বোমা ফাটিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। সে বোমাতে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছে বোধ হয় বার্সেলোনাই!

এই বিশ্বকাপে আলভারেজ খুব একটা সুযোগ পাননি। মাত্র একটি শট অন গোল হয়েছে তার। তবে বছরের পর বছর ধরে তিনি নিজেকে ভালো খেলোয়াড় হিসেবে প্রমাণ করেছেন। এই মৌসুমে আতলেতিকোর হয়ে ২২টি ম্যাচে শুরু থেকে এবং মোট ২৯টি ম্যাচ খেলেছেন তিনি। তারপরও অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের পর তিনি জানালেন, নতুন কোথাও যেতে চান তিনি।

আলভারেজ বলেন, ‘এখন এই বিষয়ে কথা বলার সময় না, তবে আমি লুকাতেও পারব না বা ভান করতেও পারব না। সত্যি বলতে, আমি সবসময় সৎ থাকার চেষ্টা করি। ক্লাবের মানুষদের সাথে, যাদের সাথে কথা বলা দরকার ছিল তাদের সাথে সৎভাবে কথা বলেছি।’

এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন, তিনি কি সত্যিই ক্লাব ছাড়তে চান? আলভারেজ সরাসরি জবাব দেন।

তিনি বলেন, ‘আমি মনে করি এই ট্রান্সফারটা সবার জন্য ভালো হবে। আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই।’

সেই স্বপ্নটা কী? সোমবার ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, আলভারেজ এফসি বার্সেলোনায় যেতে রাজি হয়েছেন। তবে এখন দুই ক্লাবের মধ্যে চুক্তির বিষয়টি সমাধান করতে হবে। আতলেতিকো ইতোমধ্যে ২৬ বছর বয়সী আলভারেজের জন্য ১০ কোটি ডলারের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।